সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েলের ডিপোতে চাঁদা দাবির অভিযোগে কৃষকদল নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মকর্তা-কর্মচারীদের কাছে এককালীন ২০ লাখ এবং প্রতি মাসে নিয়মিত ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে অভিযুক্ত মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান জানান, সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলার বিষয়ে আইনগত প্রক্রিয়ার পাশাপাশি পরবর্তী তথ্যাদি খতিয়ে দেখা হচ্ছে।
মামলার এজাহারের তথ্য থেকে জানা যায়, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে চেকার হিসেবে কর্মরত মো. রফিকুল ইসলাম বাদী হয়ে ফয়সালের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, গত ১ জুলাই সকাল ১০টার দিকে রফিকুল ইসলামের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করেন ফয়সাল। ফোনালাপে তিনি ওই পয়েন্টে দায়িত্বরত কর্মীদের কাছে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা করে চাঁদা দাবি করেন। কর্মকর্তা-কর্মচারীরা এই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফয়সাল তাদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেন। এরপর বিভিন্ন সময়ে একাধিকবার ফোন করে একই অঙ্কের টাকা দাবি ও হুমকি প্রদান অব্যাহত রাখা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ধারাবাহিক হুমকির পর গত ১ আগস্ট বেলা সোয়া ১১টার দিকে ফয়সাল ১০ থেকে ১২ জন অজ্ঞাতপরিচয় সহযোগী নিয়ে সরাসরি গোদনাইল ডিপোর ভেতর জোরপূর্বক প্রবেশ করেন। সেখানে উপস্থিত কর্মীদের কাছে পুনরায় ২০ লাখ টাকা এককালীন ও প্রতি মাসে ২ লাখ টাকা দিতে চাপ সৃষ্টি করা হয়। কর্মীরা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ফয়সাল ও তাঁর সঙ্গীরা তাদের সঙ্গে অত্যন্ত মারমুখী আচরণ করেন। চাঁদা না দিলে ডিপোতে কাউকে চাকরি করতে দেওয়া হবে না এবং এ বিষয়ে থানায় আইনি পদক্ষেপ নিলে কর্মীদের হত্যা করে লাশ গুম করে ফেলার প্রকাশ্যে হুমকি দেওয়া হয়।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের তথ্যমতে, বিতর্কিত এই নেতার বিরুদ্ধে এর আগেও ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের নানা অভিযোগ রয়েছে। চলতি বছরের গত মার্চ মাসে সিদ্ধিরগঞ্জের ব্যবসায়ী দেলোয়ার হোসেন ভূঁইয়া অভিযোগ তোলেন যে, ফয়সাল ও তাঁর সহযোগীরা তাঁর ড্রেজার ব্যবসা থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। দেলোয়ার হোসেন এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন।
তাছাড়া, গত ১ আগস্ট গোদনাইল ডিপোর ভেতরে এটিএফ ডেলিভারি পয়েন্টে নতুন কর্মী নিয়োগ কেন্দ্র করে ফয়সাল তাঁর সহযোগী সজীব ভূঁইয়াসহ ১৫ থেকে ২০ জনকে নিয়ে ডিপোর ভেতরে অনাধিকার প্রবেশ করেন। সে সময় তারা নতুন নিযুক্ত কর্মীদের কাজ ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন বলেও পুলিশের কাছে অভিযোগ রয়েছে।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।