নেতা ও ভূস্বামী: নীতি বনাম বস্তুবাদ

সৈয়দ আসাদ উজ জামান( মিনার)

আমরা নেতা আর ভূস্বামী বলতে কী বুঝি? এ দুই শব্দের অন্তর্নিহিত তাৎপর্য কী? যদি শব্দের শিকড়ে যাই, তাহলে পাই—”নি” এবং “ভূ”। “নি” মানে নিয়ম, ন্যায়, নৈতিকতা; আর “ভূ” মানে ভূমি, বস্তু, সম্পদ। এই দুইয়ের মধ্যে পার্থক্যই ঠিক করে দেয় কে নেতা আর কে ভূস্বামী।

আমরা যুগে যুগে ধোঁয়াশার মধ্যে থেকেছি। চোখ মেলে তাকানোর সাহস পাই না, কারণ সত্য দেখতে গেলে তা কষ্টের হয়ে ওঠে। প্রশ্ন হলো—আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে কে? প্রকৃত নেতা, নাকি সম্পদের মালিক ভূস্বামী?

আজকের বিশ্ব কী সত্যিকারের নেতাদের দ্বারা পরিচালিত, নাকি ক্ষমতার মোহে ভূস্বামীরা সব কিছু নিয়ন্ত্রণ করছে? বাস্তবতা হলো, এই পার্থক্য বুঝতে ব্যর্থ হলে সমাজ এগোনোর বদলে স্থবির হয়ে পড়ে। কারণ মানুষ সরল সত্যকে পাশ কাটিয়ে জটিল কূটনীতির ভেতরেই ব্যাখ্যা খোঁজে। অথচ ন্যায়-অন্যায় নির্ধারণের সূত্র খুবই সহজ: ধর্মীয় আইন লঙ্ঘনকারী হলো পাপী, রাষ্ট্রীয় আইন ভঙ্গকারী হলো দোষী।

একটি জাতি তখনই সফল হয়, যখন সে সঠিক নেতৃত্বকে চিহ্নিত করতে পারে। শব্দ শুধু ভাব বিনিময়ের মাধ্যম নয়; শব্দই সত্যের দিকনির্দেশনা দেয়। মহাবিশ্বের প্রতিটি অণু-পরমাণু নিয়ম মেনে চলে বলেই টিকে আছে—অন্যথায় বিশৃঙ্খলা সব গ্রাস করে ফেলত।

“নি” হলো নিয়ম, ন্যায়, নৈতিকতা। প্রকৃত নেতা এই পথেই চলে। এ পথের মূলনীতি হলো সত্য প্রতিষ্ঠা, প্রয়োজনের সঠিক ব্যাখ্যা, এবং সুষ্ঠু শাসন।

অন্যদিকে, “ভূ” নির্দেশ করে ভূমি, বস্তুবাদ এবং ক্ষমতার মোহ। ভূস্বামীরা আইনকে নিজের স্বার্থে বদলায়, জনসাধারণকে প্রলোভন দেখিয়ে শোষণ করে, সম্পদ জমিয়ে সমাজের ওপর প্রভাব বিস্তার করে। তারা নিয়মকে নিজের মতো ব্যাখ্যা করে, আর মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে সুবিধা নেয়।

সত্যকে লুকিয়ে রাখার জন্য যখন ভূস্বামী আর নেতাকে একসূত্রে গাঁথা হয়, তখনই রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে। সমাজে যখন “অল্প খারাপ”কে “ভালো” বলে চালিয়ে দেওয়া হয়, তখন রাষ্ট্র গঠন অসম্ভব হয়ে পড়ে। আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ যেমন পরীক্ষার ঊর্ধ্বে নয়, তেমনি রাষ্ট্রীয় ব্যবস্থাও নয়। যে রাষ্ট্র নিয়মের ভিত্তিতে চলে না, সেটি কোনো না কোনোভাবে ভূস্বামীদের হাতে বন্দি হয়ে পড়ে।

এই সত্য যাচাই করা দরকার—আমাদের দেশ কে চালাচ্ছে? সত্যিকারের নেতা, নাকি ছদ্মবেশী ভূস্বামী?

অনেক ক্ষেত্রে, যাদের আমরা “মহান নেতা” বলে মনে করি, তারা আসলে ভূস্বামী। নৈতিকতা ছাড়া নেতৃত্ব কেবল ভণ্ডামি। “নি” ও “ভূ” কেবল শব্দ নয়, এ দুটি ধারণা আমাদের চিন্তায় অনুরণন তুললেই স্পষ্ট হবে—কে নেতা, আর কে শুধুই ক্ষমতালোভী এক ভূস্বামী।

আমাদের এখন দরকার চোখ মেলে সত্য দেখা। যাতে ভুল নেতৃত্বের ধোঁয়াশা থেকে বের হয়ে, প্রকৃত নেতার পথকে আলোকিত করা যায়।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।