প্রতিমা দর্শনে বেরিয়ে নসিমনের ধাক্কায় দুই ভাইবোনের করুণ মৃত্যু

যশোরের ঝিকরগাছায় দুর্গাপূজার উৎসবের আনন্দ মুহূর্তের মধ্যে মাতমে পরিণত হয়েছে। বাবা-মায়ের সঙ্গে উৎসাহ নিয়ে পূজামণ্ডপে প্রতিমা দেখতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় নির্মমভাবে প্রাণ হারিয়েছে দুই ভাইবোন। যাত্রীবাহী একটি ভ্যানকে গরু বহনকারী দ্রুতগামী নসিমনের সজোড়ে ধাক্কায় শিশুদুটির করুণ মৃত্যু হয়।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল রোডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো ঝিকরগাছা উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের অধিবাসী সাধন কুমারের ছেলে শোভন (১০) এবং তার ছোট বোন দিশা (৩)। দুর্ঘটনায় ভ্যান ও নসিমনের সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয় এবং অন্যজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নসিমনের চালক এবং অপর এক যাত্রীও গুরুতর আহত হয়েছেন।
নিহত শিশুদের পারিবারিক সূত্রে জানা যায়, যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক সাধন কুমার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে বিভিন্ন মণ্ডপে প্রতিমা দর্শনে বের হন। তারা একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানে করে এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে যাচ্ছিলেন। পথিমধ্যে ফুলতলা কাউন্সিল রোড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির গরু বহনকারী নসিমন যানটি তাদের বহনকারী ভ্যানটিকে সরাসরি ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে সড়কের ওপর ছিটকে পড়ে পুরো পরিবারটি।
ঘটনার পর পরই স্থানীয় আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক দুই শিশু শোভন ও দিশাকে মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুই শিশুর মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করার প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পূজা দেখার আনন্দে ঘর থেকে বের হওয়া একটি পরিবারের এমন হৃদয়বিদারক পরিণতিতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।