ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে যেসব কার্যক্রমের কথা বললেন পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে এখানকার খালগুলো খননের বিকল্প নেই। একটু বৃষ্টি হলেই ঢাকার ধানমন্ডিসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এ অবস্থা থেকে উত্তরণে আমাদেরকে ঢাকার খালগুলোতে পানির প্রবাহ ফিরিয়ে আনতে হবে এবং এজন্য খাল খনন কার্যক্রম চলমান থাকবে। শহরের জীববৈচিত্র‍্য ঠিক রাখতে খালগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে।

বুধবার (৫ মার্চ) সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন চলমান ৬টি খালের খনন কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।

উপদেষ্টা বলেন, ‘ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে ৬টি খাল খননের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং আরো ১৩টিসহ মোট ১৯টি খাল খননের কার্যক্রম এ বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে।’

তিনি আরও বলেন, ‘দিন দিন ঢাকা শহরের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এ অবস্থায় ঢাকার  খালগুলো খনন করে পানি সংরক্ষণের ব্যবস্থা করা গেলে ভূগর্ভস্থ পানির স্তর উন্নত হবে। ঢাকার খালগুলো খননের পর খালের পাড়ে দৃষ্টিনন্দন ফুলের চারা এবং ফল ও পাখিদের খাওয়ার উপযোগী বৃক্ষরোপণ করা হবে।’

এ ছাড়া, উপদেষ্টা রিজওয়ানা হাসান খাল খনন পরিদর্শনকালে বাউনিয়া খালের সাগুফতা ব্রীজের পাশে এবং উত্তরা ১০ নাম্বার সেক্টর সংলগ্ন খিদির খালের পাড়ে ২টি গাছের চারা রোপণ করেন। এসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, স্থপতি ফজলে রেজা সুমন-সহ ডিএনসিসি ও নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।