খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
ঢাকার গাবতলীতে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে দুটি বাসসহ প্রায় দুইশ ঘর।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) দুইঘণ্টা চেষ্টার পর ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস।
ভোরে ঘটনাস্থলে সাংবাদিকদের এসব কথা জানান ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন।
স্থানীয়দের দাবি, আগুনে বস্তির প্রায় দেড় থেকে দুইশ ঘর পুড়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে, আগুন নেভানোর পর অনুসন্ধান করে জানা যাবে কতটি ঘর পুড়েছে।
তিনি বলেন, প্রথমে আগুনের খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। এরপর মিরপুর, তেজগাঁও ও মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ৮টি ইউনিট এসে একযোগে চতুর্দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের অভিযোগ ফায়ার সার্ভিস দেরি করে ঘটনাস্থলে আসছে প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, দেরি করে আসার কোনো কারণ নেই। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে কল্যাণপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটাররা।
বস্তিটি ঝুঁকিপূর্ণ ছিল কি না- জানতে চাইলে তিনি বলেন, সব বস্তিই আমরা অগ্নিঝুঁকির তালিকায় রাখি। এটিও ঝুঁকিপূর্ণই ছিল।
খবরওয়ালা/এমইউ