খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 21শে মাঘ ১৪৩০ | ৩ই ফেব্রুয়ারি ২০২৪ | 1148 Dhu al-Hijjah 5

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বিলগাথুয়া গ্রামের সিরাজ মন্ডলের ছেলে লালন মন্ডল (বাঙ্গাল) এর বাড়ির পিছনে মাদকদ্রব্য ফেনসিডিল রেখে পুলিশকে তথ্য দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) দিন গত রাতে এমন ঘটনা ঘটেছে। এলাকাবাসী বলেন, মাদক, অস্ত্র, মারামারি সহ ১৭ মামলার আসামী সন্ত্রাসী আকিদুল ইসলাম এই কাজ করেছে। এ বিষয়ে ভুক্তভোগী লালন মন্ডল (বাঙাল) বলেন, স্থানীয় মাদক ব্যবসায়ী আকিদুলের সাথে আমাদের গ্যাঞ্জাম। আমার মনে হয় সে আমার বাড়ির পিছনে ফেনসিডিল রেখে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে। থানা থেকে এস আই আশরাফুল এসে ঘটনা মিথ্যা বুঝতে পেরে স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশ সাথে নিয়ে আমার বাড়ির পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে নিয়ে যায়। আমি এই ঘটনার তদন্ত চাই এবং এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। এ বিষয়ে অভিযুক্ত আকিদুল ইসলাম বলেন, আমি এই ঘটনার সাথে জড়িত না আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিচ্ছে তারা। আমার বিরুদ্ধে মামলা গুলো বিভিন্ন সময় আমার প্রতিপক্ষের লোকজনের মিথ্যা তথ্য ব্যবহার করে দিয়েছে। এ বিষয়ে এস আই আশরাফুল ইসলাম বলেন, থানা এলাকায় ওয়ারেন্ট তামিল অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালিন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, লালন বাঙালের বাড়ির পিছনে একটি বস্তায় মাদকদ্রব্য পড়ে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে, মেম্বার আবুল কালাম ও গ্রাম পুলিশ সাহাবুল ইসলাম সহ বিলগাথুয়া গ্রামের লালন বাঙালের বাড়ির পিছনে পরিত্যক্ত অবস্থায় ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করি। যাহা দৌলতপুর থানায় জিডি মূলে জব্দ করা হয়। এ বিষয়ে মেম্বার আবুল কালাম বলেন, এস আই আশরাফুল ইসলাম এসে আমাদের সাথে নিয়ে পরিত্যক্ত অবস্থায় বাঁশ বাগান থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এ বিষয়ে দৌলতপুর ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সার্কেল মহসীন আল মুরাদ বলেন, দৌলতপুর থানা পুলিশের এস আই আশরাফুল ইসলাম পরিত্যক্ত অবস্থায় ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এবং এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করার চেষ্টা চলছে।