খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: ২২ই মার্চ ২০২৫, ১১:২ এএম
চট্টগ্রামের পাঁচলাইশ থানার ও আর নিজাম রোড এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ৯টি ব্যানার, ফেস্টুন ও পোস্টার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার আবদুল্লাহ আল ফাইয়াজ (২৪) মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার বিকেলে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর উলাই’য়াহ্ বাংলাদেশ সদস্যরা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মানসে জনসাধারণের ক্ষতি করার লক্ষ্যে নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে সমবেত হয়ে ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে ও আর নিজাম রোড থেকে রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করে জিইসি মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেপ্তার করে।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
খবরওয়ালা/জেআর
মন্তব্য