খবরওয়ালা মফস্বল ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ মার্চ ২০২৫
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশিসহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) রাত ৯টার দিকে ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুমের জিরো লাইন এলাকায় এ ঘটনা ঘটে। মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির (এএ) সদস্যরা এ গুলি চালিয়েছেন বলে ধারণা করছে পুলিশ।
আহতরা হলেন জাহাঙ্গীর আলম (১৯) ও মো. হোসাইন (২৭)। এদের মধ্যে জাহাঙ্গীর আলম বাংলাদেশি। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। মো. হোসাইন রোহিঙ্গা বলে জানিয়েছেন বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, জাহাঙ্গীর ও হোসাইন কাঁটাতার পেরিয়ে শূন্যরেখায় প্রবেশ করলে মিয়ানমারের দিক থেকে গুলি ছোড়া হয়। এতে বাম পায়ের দুইস্থানে গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর। সামান্য আহত হন হোসাইনও। আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল করিম জানিয়েছেন, ভাজাবনিয়া সীমান্তের ওপারে মিয়ানমারের একটি সীমান্ত পোস্ট রয়েছে। পোস্টটি এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। গত রাতে ৩৪ ও ৩৫ সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় সাত-আটটি গুলি ছোড়া হয়। ওই ছোড়া গুলিতে শূন্যরেখা থেকে ২০০ মিটার পূর্বে মিয়ানমারের অভ্যন্তরে একজন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা আহত হয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ধারণা করা হচ্ছে, সীমান্তের রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের গতিবিধির ওপর নগর রাখছে আরাকান আর্মি (এএ)। সন্দেহ হওয়ায় তারা গুলি চালিয়েছে। এই ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
খবরওয়ালা/আরডি