চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি চলন্ত বাসে এক নারীকে (১৮) ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার (২১ তারিখ) রাতে কোনাবাড়ী থানায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন বাসের কন্ডাক্টর শাহেদ আলী (১৯) ও চালকের সহকারী কামরুল ইসলাম (১৭)। ঘটনার সময় তারা ভুক্তভোগী নারীকে ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী গত বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং থেকে বাসে উঠে কোনাবাড়ীর উদ্দেশে রওনা হন। তিনি ক্লান্ত থাকায় বাসের সিটে ঘুমিয়ে পড়েন। রাত ৯টার দিকে বাসটি একটি নির্জন স্থানে দাঁড়ায়। পরে বাসের সহযোগী, চালকসহ অজ্ঞাত দুই ব্যক্তি মিলে ওই নারীকে ডেকে উঠান। তিনি জেগে দেখেন, বাসে আর কোনো যাত্রী নেই। এ সময় ওই নারীকে তারা ভয়ভীতি দেখিয়ে আপত্তিকর আচরণ ও হয়রানি করে। পরে তিনি চিৎকার করার চেষ্টা করলে তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়। পরে তাঁর সঙ্গে থাকা নগদ ১০ হাজার টাকা, একটি মোবাইল সেট, গলায় থাকা স্বর্ণের চেইন, নাক ফুল ও কানের দুল নিয়ে ওই নারীকে বাস থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যান তাঁরা।

ভুক্তভোগী নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, ওই নারী নিজের বাসায় গিয়ে স্বজনদের বিষয়টি জানালে রাতেই কোনাবাড়ী থানায় একটি অভিযোগ করেন। পরে নারী যাত্রী ও স্বজনেরা কালিয়াকৈর উপজেলায় গিয়ে বাসটি শনাক্ত করেন। বাসের চালকের সহযোগী ও কন্ডাক্টরকে শনাক্ত করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘অভিযোগের পরই পরই আমরা অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেপ্তার করেছি। ওই নারী বাদী হয়ে কোনাবাড়ী থানায় ধর্ষণচেষ্টার একটি মামলা করেছেন।’

খবরওয়ালা/টিএ
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।