মহারাষ্ট্রে মসজিদে বিস্ফোরণ, দুই অভিযুক্ত গ্রেপ্তার

ভারতের মহারাষ্ট্রের বিড জেলার আরধামাসলা এলাকায় একটি মসজিদের ভেতরে রবিবার (৩০ মার্চ) ভোরে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে মসজিদের মেঝে ও কাঠামোয় ফাটল দেখা দিলেও হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, বিস্ফোরণটি ঘটেছিল রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে। অভিযুক্তদের মধ্যে একজন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিস্ফোরণের একটি ভিডিও পোস্ট করলে তাদের পরিচয় প্রকাশ্যে আসে। এফআইআর-এর বিবরণ অনুযায়ী, শনিবার সন্ধ্যায় আরধামাসলা এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের লোকজন নিয়ে একটি মিছিল অনুষ্ঠিত হয়। ওই সময় দুই ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে এবং মসজিদের নির্মাণ নিয়ে আপত্তি তোলে। তবে পরিস্থিতি শিগগিরই নিয়ন্ত্রণে আনা হয়।

এর পর রবিবার ভোররাতে পুলিশ জানতে পারে, অভিযুক্তরা মসজিদের ভেতরে জেলেটিন স্টিক রেখে বিস্ফোরণ ঘটিয়েছে। জেলেটিন স্টিক একটি বিস্ফোরক পদার্থ, যা সাধারণত খনন, অবকাঠামো নির্মাণ ও পাথর ভাঙার কাজে ব্যবহৃত হয় এবং এটি শক্তিশালী বিস্ফোরণ ঘটাতে সক্ষম।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত ২২ বছর বয়সী বিজয় রামা গাভনে ও ২৪ বছর বয়সী শ্রীরাম অশোক সাগদেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিডের গেওরাই তালুকের বাসিন্দা। বিডের পুলিশ সুপার নবনীত কাওয়াত জানিয়েছেন, স্থানীয় সরপঞ্চের কাছ থেকে ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করে মামলা দায়ের করা হয় এবং পরবর্তীতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

এই ঘটনার প্রতিবাদে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন থানার সামনে বিক্ষোভ করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বোমা শনাক্তকরণ ও ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে। পুলিশ সুপার নবনীত কাওয়াত সাধারণ মানুষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন।

 

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।