খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল ২০২৫
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, বিনিয়োগ সম্মেলন-২০২৫ এ নাসার সঙ্গে চুক্তি হবে। সম্মেলনে দেশি-বিদেশি পাঁচজন বিনিয়োগকারীকে পুরস্কার দেওয়া হবে।
রবিবার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর।
আশিক মাহমুদ বিন হারুন জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিনিয়োগ সম্মেলনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। আগামীকাল (৭ এপ্রিল) থেকে ১০ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী সম্মেলনে আয়োজক বাংলাদেশসহ অর্ধশতাধিক দেশের সাড়ে পাঁচ শতাধিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা অংশ নেবেন।
তিনি আরও জানান, আগামী ৯ এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেবেন। সম্মেলন অনুষ্ঠানটি ফেসবুক ও ইউটিউবে প্রচারিত হবে। এ ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের ইন্টারভিউ নিতে মিডিয়া কর্নার থাকবে।
খবরওয়ালা/আরডি