খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
রাজধানী, উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৮ এপ্রিল) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন আদালত।
তুরিন আফরোজ বলেন, ‘আমি ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় ৬ বছর ধরে চাকরি থেকে বঞ্চিত। তবে কেউ আইনের উর্ধ্বে নয়। আমি তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করব। আশা করছি আমি ন্যায়বিচার পাবো।’
এর আগে, ১টার দিকে তুরিন আফরোজকে আদালতে আনা হয়। এরপর দুপুর ২টা ৩৫ মিনিটে এজলাসে তোলা হয়। এ সময় উত্তরা পশ্চিম থানা পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।
তুরিন আফরোজের পক্ষে আদালতে আইনজীবী উপস্থিত না থাকায় আসামিপক্ষে তুরিন আফরোজ নিজেই আদালতে শুনানি করেন।
তিনি বলেন, ‘মাননীয় স্যার আমি দুই-তিন মিনিট যতটুকু পারবো কথা বলতে চাই। হত্যাচেষ্টার ঘটনাটি ৪ আগস্টে৷ এ সময় আমার অপারেশন হয়। টিউমার অপারেশন। আমি সকল ডাক্তারি রিপোর্ট দিতে পারবো। আমি ৪ বছর ধরে মিডিয়ায় কিছু বলিনি বা লিখিনি। ’
শুনানি শেষে বিচারক তাকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত সোমবার রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ৫ আগস্ট দুপুর ১২ টার দিকে আ. জব্বার উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। গত ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা মামলাটি দায়ের করেন।এজাহারনামীয় ৩০ নং আসামি তুরিন আফরোজ।
খবরওয়ালা/এসআর