খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল ২০২৫
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং নৃশংস হত্যার প্রতিবাদ ও মিছিল চলাকালে দোকানে ভাঙচুর ও হামলার ঘটনায় এ পর্যন্ত অন্তত ৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরইমধ্যে ১০টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এর আগে মঙ্গলবার সকালে পুলিশের বরাত দিয়ে সরকারি এক বিবৃতিতে বলা হয়, সহিংস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পুলিশ। এসব হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের প্রতি চরম অবমাননা।
পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) ইনামুল হক সাগর জানান, গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ৭২ জনের মধ্যে খুলনার ৩৩ জন, সিলেটের ১৯ জন, চট্টগ্রামের ৫ জন, গাজীপুরের ৪ জন, নারায়ণগঞ্জের ৪ জন, কুমিল্লার ৩ জন এবং কক্সবাজারের ৪ জন রয়েছেন।
খবরওয়ালা/এমইউ