লিভারপুলেই থাকছেন সালাহ, ২০২৭ সাল পর্যন্ত নতুন চুক্তি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লিভারপুলের সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন মিসরের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ। নতুন এই চুক্তি অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত অ্যানফিল্ডেই থাকছেন তিনি। ৩২ বছর বয়সী সালাহর আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি গ্রীষ্মেই। বারবার ইঙ্গিত দিয়েছিলেন, এটি হতে পারে তার লিভারপুল ক্যারিয়ারের শেষ মৌসুম। তবে শেষ পর্যন্ত নতুন কোচ আর্নে স্লটের অধীনে লিভারপুলে থাকার সিদ্ধান্ত নিলেন তিনি।

সালাহর চুক্তি নবায়নের আলোচনা চলছিল বেশ কয়েক মাস ধরে। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর রিচার্ড হিউজেস নেতৃত্ব দেন এই আলোচনায়, যেখানে সালাহর এজেন্ট রামি আব্বাস ইসার সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় ক্লাব কর্তৃপক্ষের।

সাম্প্রতিক কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সালাহ নাকি বেতন কমিয়ে নতুন চুক্তিতে সম্মত হয়েছেন। তবে ইএসপিএন সূত্র জানায়, বেতন কমানোর বিষয়টি আলোচনায় কখনও আসেনি।

নতুন চুক্তির পর সালাহ বলেন, “অবশ্যই আমি খুব রোমাঞ্চিত। আমাদের দারুণ একটি দল আছে। আমি চুক্তিতে সই করেছি, কারণ আমি বিশ্বাস করি,আমরা আরও ট্রফি জিততে পারব এবং আমি আমার ফুটবল উপভোগ করতে পারব।”

তিনি আরও বলেন, এখানেই আমার সেরা সময় কেটেছে। আমি আট বছর ধরে লিভারপুলে খেলছি, আশা করি সেটা দশ বছরে গড়াবে। এখানে জীবন সুন্দর, ফুটবলও দারুণ উপভোগ করছি। আমার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো কেটেছে অ্যানফিল্ডে।

২০১৭ সালে ইতালির ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। এরপর থেকেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন বিশ্বের সেরা ফরোয়ার্ডদের একজন হিসেবে।

লিভারপুলের জার্সিতে তিনি এখন পর্যন্ত প্রায় ৪০০টি ম্যাচ খেলেছেন। জিতেছেন সাতটি বড় ট্রফি, যার মধ্যে রয়েছে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে করেছেন ৩২টি গোল, এর মধ্যে ২৭টি এসেছে প্রিমিয়ার লিগে।

মার্চে সাউদাম্পটনের বিপক্ষে সালাহর জোড়া গোল তাকে লিভারপুলের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় তুলে আনে। এই মৌসুমে লিভারপুলের ২০তম লিগ শিরোপা জয়ের অন্যতম ভরসাও ছিলেন তিনিই।

গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া তিনজন মূল খেলোয়াড়ের মধ্যে সালাহই প্রথম, যিনি নতুন করে চুক্তি করলেন। ভার্জিল ভ্যান ডাইক ও ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড এখনো নতুন চুক্তির অপেক্ষায় আছেন। তবে দলের অধিনায়ক ভ্যান ডাইক ইতোমধ্যে জানিয়েছেন, আলোচনার অগ্রগতি ইতিবাচক।

 

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।