খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল ২০২৫
ইলিশের কৃত্রিম প্রজননের পরিবর্তে প্রাকৃতিক প্রজনন পদ্ধতিই যথাযথ বলে মত দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘‘ইলিশের কৃত্রিম প্রজননের বিষয়ে এখনই আগাতে চাই না। প্রাকৃতিক সম্পদকে প্রাকৃতিকভাবেই থাকতে দেওয়া ভালো। কৃত্রিম প্রজনন পদ্ধতি আমাদের প্রাণিসম্পদের ক্ষেত্রে উল্লেখযোগ্য সুফল বয়ে আনেনি, বরং ক্ষতিকর প্রভাবও দেখা যাচ্ছে।’
শনিবার (১২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে (বিএআরসি) ‘ইলিশ সম্পদ ব্যবস্থাপনায় প্রজনন সাফল্য নিরূপণ, জাটকা সংরক্ষণ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
ফরিদা আখতার বলেন, ‘যে ১১টি দেশে ইলিশ পাওয়া যায়, তার মধ্যে বাংলাদেশ শীর্ষে। তবে আমি মনে করি, ইলিশ একটা বৈশ্বিক মাছ। বিশ্বের একটা সম্পদ যেটা আমাদের কাছে আছে। আমরা যদি এর সঠিক ব্যবস্থাপনা করতে পারি, তাহলে বিশ্বদরবারে বাংলাদেশের পরিচিতি বাড়বে। ইলিশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে।’
ইলিশের উৎপাদন বাড়াতে সবার সচেতনতা ও সহযোগিতার ওপর জোর দিয়ে মৎস্য উপদেষ্টা বলেন, ‘আমরা যদি যথেষ্ট সচেতনতা সৃষ্টি করতে পারি, তাহলে ইলিশের উৎপাদন বাড়বে। আর ৯৫ ভাগ জেলে যদি ইলিশ ধরা বন্ধের সময় না ধরেন, তাহলে কেন আমরা বাকি কাজটা করতে পারব না? জেলেরা যেখানে মাছ ধরতে যান, সেখানে দস্যুরা আক্রমণ করে। জেলেরা দস্যু না। তাদের চিহ্নিত করে ধরতে হবে। আমরা যে সহায়তা দিয়ে থাকি, সেখানে জেলেরাই যেন পায়, সেটা নিশ্চিত করতে হবে।’
ইলিশের একটা অর্থনৈতিক মূল্য আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘মৌসুমে দেশ থেকে এক বিলিয়ন ডলারের বেশি ইলিশ রপ্তানি করা যেতে পারে। আমরাও ইলিশ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আনতে পারি। তবে আগে আমাদের দেশের মানুষকে ইলিশ খাওয়াতে হবে।’
উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন, ‘এবার যেন জুন মাসের পরে যখন ইলিশ বাজারে আসবে, তখন যেন দামটা ঠিক থাকে সেদিকে নজর রাখতে হবে। তা নাহলে জনগণ আমাকে ক্ষমা করবে না!’
সভায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল আলম মূল প্রবন্ধে বলেন, দেশে ইলিশের মোট উৎপাদন ধারাবাহিকভাবে বাড়লেও দুই বছর যাবৎ বড় আকৃতির ইলিশের সংখ্যা কমছে। এ ছাড়া দূষণের কারণে নদ–নদীতে ইলিশের পরিমাণ আশঙ্কাজনক হারে কমছে। সেই সঙ্গে কারেন্ট জালসহ ক্ষতিকর জাল ইলিশ মাছের উৎপাদন ক্ষতিগ্রস্ত করছে।
ইলিশ গবেষণায় আরও জোর দেওয়ার তাগিদ দেন ড. আশরাফুল আলম। তিনি জানান, জাটকা নিধন বন্ধ করতে পারলে বছরে প্রায় ৬ হাজার কোটি টাকার অতিরিক্ত ইলিশ উৎপাদন সম্ভব হবে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. তোফাজ্জল হোসেন, মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রউফ প্রমুখ।
খবরওয়ালা/এসআর