১৩৫৮ হজযাত্রীর বাড়িভাড়া না করায় ২০ এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের আল্টিমেটাম

মক্কায় ১২৬৫ এবং মদিনায় ৯৩ জন—মোট ১৩৫৮ হজযাত্রীর বাড়িভাড়া এখনো সম্পন্ন করেনি ২০টি লিড এজেন্সি। এসব হজযাত্রীর বাড়িভাড়া আজ (১৪ এপ্রিল) রাত ৮টার মধ্যে সম্পন্ন করার আলটিমেটাম দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। অন্যথায় লাইসেন্স বাতিল করা হবে বলে জানানো হয়েছে।

উপসচিব মামুন আল ফারুক সই করা এ-সংক্রান্ত নির্দেশনা হজযাত্রীদের বাড়িভাড়া সম্পন্ন করতে ব্যর্থ হওয়া এজেন্সিগুলোকে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ্য করা হয়েছে, ১৪ এপ্রিল রাত ৮টার মধ্যে কার্যক্রম শেষ না হলে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১’ এবং ‘বিধিমালা-২০২২’ অনুযায়ী ওই এজেন্সিগুলোর লাইসেন্স বাতিলসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়সীমা ও একাধিকবার সতর্ক করার পরও এজেন্সিগুলো দায়িত্ব পালন করেনি। সৌদি হজ মন্ত্রণালয়ের রোডম্যাপ অনুযায়ী ১৪ ফেব্রুয়ারির মধ্যে সব সেবা চুক্তি সম্পন্নের সময়সীমা ছিল। পরে সময় বাড়িয়ে ৩ এপ্রিল পর্যন্ত করা হয়। তবে ১৩ এপ্রিল থেকে ‘তাসরিয়া’ প্রাপ্ত বাড়িভাড়া বন্ধ হয়ে গেছে। এখন শুধু ‘তাসনিফ’ প্রাপ্ত হোটেল ভাড়া নেওয়ার সুযোগ রয়েছে—যেটি যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এজেন্সিগুলোর অবহেলার কারণে হজযাত্রীরা হজে যেতে না পারলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। উল্লেখ্য, ২০২৫ সালের হজে ৭০টি লিড এজেন্সির অধীনে ৬৮৩টি এজেন্সি অংশ নিচ্ছে। এ বছর বাংলাদেশ থেকে ৮৭,১০০ জন হজে যাবেন, যার মধ্যে ৫,২০০ জন সরকারি ও ৮১,৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায়।

আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু এবং ১৮ এপ্রিলের মধ্যে ভিসা সম্পন্ন করার সময়সীমা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

খবরওয়ালা/জেআর
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।