বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১৫ই এপ্রিল ২০২৫, ৬:৫২ পিএম
বগুড়ায় আদালতের হাজতখানায় হত্যা মামলার আসামিদের হাতে মারধরের শিকার হয়েছেন বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হাজত খানায় তিনি মারধরের শিকার হন।
আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কারাবন্দি আবু সুফিয়ান শফিককের হাজিরা ছিল। এজন্য তাকে কারাগার থেকে এনে আদালতে হাজিরা শেষে হাজতখানায় রাখা হয়। হাজতখানায় বিভিন্ন মামলার আরো বেশ কয়েকজন হাজতি অবস্থান করছিল। দুপুর দেড় টার দিকে আবু শফিকের হাতে থাকা পানির বোতল থেকে সাগর নামের হত্যা মামলার এক আসামীর শরিরে পানি পড়ে। এনিয়ে তাদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায় সাগর ও তার সহযোগী জলিল আবু সুফিয়ান শফিককে মারধর শুরু করে। পরে হাজতের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা আবু সুফিয়ান শফিককে অন্যত্র সরিয়ে রাখেন।
এদিকে কারাগারে নিয়ে যাওয়ার সময় আদালত চত্বরে আবু সুফিয়ান শফিক সাংবাদিকদেরকে বলেন, ‘পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেনের নির্দেশে আমার উপর হামলা করা হয়েছে। আমি হাজতখানার বাথরুমে আশ্রয় নিলে সেখানেও আমাকে মারধর করা হয়। পুলিশ হেফাজতে থাকার পরেও আমাকে নিরাপত্তা দিতে পারেনি। মারধরের পর আমাকে চিকিৎসা না দিয়ে তড়িঘড়ি করে কারাগারে নিয়ে যাচ্ছে। সাগর,জলিলসহ চারজন আমার উপর হামলা করেছে। তারা সকলেই হত্যা মামলার আসামী। এঘটনায় আমি মামলা করবো।’
আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন বলেন,ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমি হাজত খানায় গিয়ে আবু সুফিয়ান শফিকের সাথে কথা বলেছি। তাৎক্ষনিক বিষয়টি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তিনি পরবর্তী পদক্ষেপ গ্রহন করবেন।
খবরওয়ালা/এসআর
মন্তব্য