খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
সিরাজগঞ্জের চৌহালীতে এসএসসি পরীক্ষার শুরুর ২০ মিনিট পরই ফেসবুক গ্রুপে ইংরেজি প্রথমপত্রের প্রশ্ন ফাঁস হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ‘আমাদের চৌহালী’ নামের একটি গ্রুপ থেকে ওই প্রশ্ন ফাঁস করা হয়। ফেসবুকে ছড়িয়ে পড়ার পর উপজেলা প্রশাসনের তৎপরতায় ৪০ মিনিট পর ওই গ্রুপ থেকে আপলোড করা প্রশ্নপত্র সরিয়ে ফেলা হয়।
‘আমাদের চৌহালী’ নামের ফেসবুক গ্রুপটির অ্যাডমিন মনিরুল ইসলাম চৌহালী উপজেলার খাসপুকুরিয়ার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকায় একটি মার্কেটিং কোম্পানিতে কর্মরত রয়েছেন। তিনি গত ১০ বছর ধরে ফেসবুক গ্রুপটি পরিচালনা করছেন।
হালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ‘আমাদের চৌহালী’ গ্রুপের অ্যাডমিন মনিরুল ইসলামের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে ব্যবস্থা নিতে থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস হলেও দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়ায় পরীক্ষায় এর কোন ধরনের প্রভাব পড়েনি। তবে এজন্য এডমিন মনিরুল ইসলাম কোনভাবে দায় এড়াতে পারে না। একজন কোথায় থেকে অতি গুরুত্বপূর্ণ ও গোপনীয় প্রশ্ন পত্র ফেসবুকে পোস্ট করবে। আর তিনি অ্যাপ্রুভ করবেন, এটা হতে পারে না। আমরা বিষয়টি নিয়ে দ্রুত তৎপর হলে ফেসবুক থেকে তা ডিলিট করে দেয়া হয়।
এ ব্যাপারে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন সন্ধ্যায় জানান, বিষয়টির তদন্ত চলছে। তথ্য-প্রযুক্তি আইনে মামলার বিষয়টি এখন প্রক্রিয়াধীন।
এ বিষয়ে ‘আমাদের চৌহালী’ গ্রুপের অ্যাডমিন মনিরুল ইসলাম জানান, ‘সানজিদা ইসলাম নামে একটি ফেসবুক আইডি থেকে মঙ্গলবার সকাল ১০টা ২০টা মিনিটে মেসেঞ্জার গ্রুপে প্রশ্নপত্রটি পোস্ট করা হয়। পরবর্তীতে পোস্টকারী নিজেই তা ডিলিট করেন। সানজিদা ইসলাম নামের আইডিটি আসল নাকি ভুয়া জানতে পারিনি। তবে বিষয়টি আমি এ নিয়ে বিব্রত।
খবরওয়ালা/এমইউ