পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
পাবনার ঈশ্বরদীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার পাকশি ইউনিয়নের এম এস কলোনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল হোসেন।
নিহতরা হলেন- পাকশি ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের মৃত ফজল মাতুব্বরের ছেলে অটোরিকশা চালক আয়নাল হোসেন (৪৫) ও এম এস কলোনী এলাকার ফাতেমা বেগম(৬৫)।
স্থানীয়রা জানান, আয়নাল মাতুব্বর পেশায় একজন রিকশাচালক। তার বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকার কারণে সে কয়েকদিন ধরে তার এক প্রতিবেশীর বাড়িতে অটোরিকশা চার্জ দিতে যান। চার্জ দিতে গিয়ে হঠাৎ করে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করতে থাকেন। এ সময় বাড়িতে থাকা ফাতেমা বেগম দৌঁড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
এদিকে রিকশাচালক আয়নালের সঙ্গে থাকা তার ছোট ছেলে চিৎকার করে আশেপাশে লোকজনকে ডাকলে তারা এসে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেন। ততক্ষণে ঘটনাস্থলেই আয়নাল মাতুব্বরের মৃত্যু হয় এবং ফাতেমা বেগমকে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাকিউল ইসলাম বলেন, ঘটনাটি শোনামাত্র আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী করণীয় নির্ধারনের জন্য নিহতদের পরিবার ও স্বজনদের সঙ্গে আলোচনা চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এখনও কেউ অভিযোগ দেয়নি।
খবরওয়ালা/টিএ