সহিংসতা এড়াতে সিটি কলেজ দুইদিন বন্ধ ঘোষণা

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সহিংসতা ও উত্তেজনা এড়াতে আগামী বুধবার ও বৃহস্পতিবার (২৩ ও ২৪ এপ্রিল) সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ এম মোবারক হোসাইন এই ঘোষণা দেন।

ঘোষণায় তিনি বলেন, ‘বর্তমানে পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কলেজে হামলায় অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে, তার জন্য প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। সুষ্ঠু পরিবেশ ফিরে না আসা পর্যন্ত কলেজ দুইদিন বন্ধ থাকবে।’

অধ্যক্ষ শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানালেও, অনেক শিক্ষার্থী এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। কলেজের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার প্রভাব পড়ে আশপাশের এলাকায়।

এর আগে, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে হামলা চালিয়ে মূল ফটকের নামফলক খুলে নেয়। ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে সায়েন্সল্যাবরেটরি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে।

সরেজমিনে দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে অর্ধশতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। সিটি কলেজের শিক্ষার্থীদের ঘিরে রেখেছে পুলিশ, অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয়। সেখানে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করে।

এই সংঘর্ষের জেরে নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব অভিমুখের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট।

এখনো দুই কলেজের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু সমাধানে আনুষ্ঠানিক উদ্যোগ বা সমঝোতার কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।