আজ থেকে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ নিয়ে মঞ্চে ‘তাড়ুয়া’

ঢাকার দর্শকদের জন্য নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল ‘তাড়ুয়া’। এরিখ মারিয়া রেমার্কের বিশ্ববিখ্যাত উপন্যাস অবলম্বনে রুনা কাঞ্চনের নাট্যরূপে এবং বাকার বকুলের নির্দেশনায় মঞ্চস্থ হচ্ছে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। জাতীয় নাট্যশালার মিলনায়তনে নাটকটি তিন দিনে চারটি প্রদর্শনী হবে।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এরপর একই ভেন্যুতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এবং শুক্রবার বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় আরও তিনটি প্রদর্শনী হবে।

‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ ‘তাড়ুয়া’র চতুর্থ প্রযোজনা। দলটি ২০১৮ সালে ‘লেট মি আউট’ নাটক দিয়ে মঞ্চে যাত্রা শুরু করে। যুদ্ধবিরোধী ও মানবতাবাদী বার্তাবাহী এই নাটকে তুলে ধরা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও ব্যক্তিমানুষের যন্ত্রণাময় অভিজ্ঞতা।

2Q== আজ থেকে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ নিয়ে মঞ্চে ‘তাড়ুয়া’
নাটকের রিহার্সাল চলাকালে (ফেইসবুক থেকে সংগৃহীত)

নাটকে দেখা যাবে, দেশের জন্য শিক্ষার্থীদের জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেন শিক্ষক কান্টারেক। জন্মভূমির জন্য জীবন দেওয়ার চেয়ে মহত্তম কিছু নেই- এই চেতনায় উজ্জীবিত হয় শিক্ষার্থীরা। কিন্তু পল বাউমার ভালোবাসে প্রজাপতি, হতে চায় লেখক। কেমোরিখ হতে চায় ফরেস্ট অফিসার। বেন, মুলার ও আলবার্টেরও রয়েছে নিজেকে নিয়ে ভিন্ন ভিন্ন ভবিষ্যৎ স্বপ্ন। প্রতিকূল এই যুদ্ধপরিস্থিতিতে সব স্বপ্ন বিসর্জন দেওয়া পাঁচ বন্ধুর শরীরে ও চিন্তায় ঘোরে যুদ্ধের রোমান্টিসিজম। প্রশিক্ষণ শেষে কণ্ঠে দেশাত্মবোধক গান নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হয় সবাই। কল্পনায় ভাবা যুদ্ধ বাস্তবে মেলে না। নৃশংস আর হিংস্রতায় ব্যক্তি এখানে মৃত্যুর জন্য তৈরি হওয়া শুধুই এক টুকরো মাংসপিণ্ড। একসময় সৈনিকদের মধ্যে প্রশ্ন ওঠে, যুদ্ধটা আসলে কেন বাঁধে, কারা বাঁধিয়ে রাখে। প্রতিপক্ষ দেশের কেউ তো তাদের ক্ষতি করেনি, তাহলে দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়া এই যুদ্ধ আসলে কাদের স্বার্থে।

নাটকটির নির্দেশক বাকার বকুল বলেন, ‘যুদ্ধবিমুখ-শান্তিকামী মানুষের ঐক্যবদ্ধ হওয়ার আবশ্যকতায় এই নাটক বহুল চর্চিত হওয়া প্রয়োজন। পৃথিবীতে ঘটে যাওয়া দুটি বিশ্বযুদ্ধের নির্মম ক্ষতচিহ্ন থাকার পরও পৃথিবীকে যুদ্ধাহত করা হচ্ছে বারবার। ভয়াবহ পারমাণবিক মারণাস্ত্রের চর্চা এবং যুদ্ধমুখী বিশ্বরাজনীতির গতিপথ এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, যা পৃথিবীকে নিশ্চিহ্নের অশনিসংকেত। এমন বাস্তবতায় ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ মরণঘাতী যুদ্ধের নৃশংসতাকে উন্মুক্ত করার এক নাট্যপ্রয়াস।’

Z আজ থেকে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ নিয়ে মঞ্চে ‘তাড়ুয়া’
নাটকের রিহার্সাল চলাকালে (ফেইসবুক থেকে সংগৃহীত)

 

তিনি আরও বলেন, ‘যুদ্ধটা আসলে কাদের স্বার্থে? তারা কি সংখ্যাগরিষ্ঠ? নাকি আত্মাহুতি দেওয়া ক্ষতিগ্রস্ত এবং শান্তিকামী মানুষ সংখ্যায় বেশি? একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে জাতিবাদ-মতবাদ এবং পরিচয়বাদের নামে চতুর্দিকে যে যুদ্ধের ডামাডোল তা আমাদের শুধু পশ্চাৎপদই করে না, আত্মহননের প্রক্রিয়াকে সুদৃঢ় করে। মানবজাতির দায় রয়েছে সংখ্যালঘু যুদ্ধবাজদের কবল থেকে পৃথিবীকে মুক্ত করার। ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ নাটকটি নির্দেশনা দেবার চেষ্টা সেই দায় মোচনেরই ক্ষুদ্র প্রতিফলন।’

‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন কুমার উদয়, তামিম আহমেদ, রিপন ঘোষ, জুবায়ের মাহমুদ, জীবন, অর্ণব, তারেক, সানি, সাক্ষ্য, কাইয়ুম, অভিজিৎ, ফরহাদ, অর্পিতা, মুন্নিসহ আরও অনেকে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।