সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ইউজিসির চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের ভেতরে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় চার কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সাংবাদিক মো. শিহাব উদ্দিন মামলাটি দায়ের করেন।

মামলায় ইউজিসির চার কর্মকর্তার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

অভিযুক্তরা হলেন ইউজিসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুনুর রশিদ খান, অফিস সহায়ক আমিনুল ইসলাম খোকন, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মো. জামাল উদ্দিন এবং ইউজিসি চেয়ারম্যানের একান্ত সচিব (অতিরিক্ত পরিচালক) মো. মোস্তাফিজুর রহমান।

বাদী শিহাব উদ্দিন সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা এবং অনলাইন নিউজ পোর্টাল দ্য ডেইলি ক্যাম্পাস-এর সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত।

বাদীর আইনজীবী মো. আরিফ হোসেন সাগর জানান, সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, গত ৬ মার্চ শিহাব উদ্দিন ইউজিসির কিছু কর্মকর্তার বিরুদ্ধে প্রাপ্যতার অতিরিক্ত অর্থ ঋণ হিসেবে গ্রহণের অভিযোগ তুলে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এরপর ১৯ মার্চ তিনি সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ইউজিসি কার্যালয়ে গেলে সেখানে তাকে ঘিরে ‘মব’ তৈরি করে হামলা চালানো হয়। এসময় মামলার আসামিরা তাকে হত্যার হুমকি এবং দেখে নেওয়ার হুমকি দেন। 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।