খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: 14শে বৈশাখ ১৪৩২ | ২৭ই এপ্রিল ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
এক ছাত্রীর ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য, অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানরা একযোগে পদত্যাগ করেছেন। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার পর ইউআইইউ’র অফিসিয়াল ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে উপাচার্যের পদত্যাগপত্র ও ১০ জন ডিন, বিভাগীয় প্রধান এবং পরিচালকের সই সংবলিত পদত্যাগপত্রের ছবি শেয়ার করা হয়েছে।
তাছাড়া রাত ১০টার দিকে উপাচার্য অধ্যাপক আবুল কাশেম মিয়া গণমাধ্যমের কাছে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তবে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ দিকে পদত্যাগ করা বাকি ১০ জন শিক্ষক তাদের পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, কিছু শিক্ষার্থীর অন্যায় দাবি-দাওয়ার প্রতিবাদে আমরা নিম্নস্বাক্ষরকারীরা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রশাসনের বিভিন্ন পদ থেকে পদত্যাগ করছি।
এতে সই করেছেন মো. রেজওয়ান খান, এসওএসই অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হাসান সারওয়ার, মোহাম্মদ ওমর ফারুক, খন্দকার আব্দুল্লাহ আল মামুন, মো. কে মাসুকুর রহমান, ড. তাহমিনা ফয়েজ, ড. সুমন আহমেদ, ড. জান্নাতুন নুর মুক্তা, ড. এস এম রফিকুল ইসলাম, ডিরেক্টর (কো-অর্ডিনেশন) অধ্যাপক এ এস এম সালাহউদ্দিন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রীর বাবা মারা যান। ওই ছাত্রী মিডটার্ম পরীক্ষা পরে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় বরাবর একটি আবেদন করেন। বিষয়টি নিয়ে পরবর্তীতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিলে সেটি ভাইরাল হয়ে যায়। এরপর শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। সেই আন্দোলনের মুখে আজ একযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্টরা একযোগে পদত্যাগ করলেন।
খবরওয়ালা/এসআর