কুড়িগ্রামের উলিপুরে শিয়াল মারতে পাতা বৈদ্যুতিক ফাঁদে আব্দুল হাকিম (৫৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) সকালে পৌরশহরের নারিকেলবাড়ি সন্যাসীরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হাকিমের পাট ক্ষেতে শিয়ালের উপদ্রব বৃদ্ধি পেলে উক্ত ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন তিনি।
আজ বুধবার সকালে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না করেই পাট ক্ষেত দেখতে গেলে ভুলবশত আব্দুল হাকিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জমিতে পড়ে যান।
পরে সকাল ৯টার দিকে স্থানীয় এক বাসিন্দা ঘাস কাটতে গিয়ে তাকে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
খবরওয়ালা/এফএস



