নোয়াখালীতে দর্জির মরদেহ উদ্ধার

নোয়াখালীর চাটখিল উপজেলায় জাহিদ হোসেন (২৮) নামের এক দর্জির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মলংচর গ্রামের নোয়াবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাহিদ ওই গ্রামের নুরুল হকের ছেলে। জাকির হোসেন (৬) জুনায়েদ হোসেন (২) নামে তার দুটি পুত্র সন্তান রয়েছে।

পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে ফাঁস দিয়ে আত্মহত্যার কথা বলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, নানান হতাশা থেকে জাহিদ নেশাগ্রস্ত হয়ে পড়েন। বৃহস্পতিবার (১ মে) ভোরে পরিবারের লোকজনের অগোচরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেওয়া হয়।

নিহতের ভাগ্নে মো. মারুফ বলেন, মামা সৌদি আরব থেকে আসার পর স্থানীয় কালিরহাট বাজারে দর্জির দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি দোকানের ভাড়া দিতে না পারায় মালিক দোকান থেকে বের করে দেন। পরে বাড়িতে সেলাইয়ের কাজ করতেন।

তিনি আরও বলেন, বুধবার সন্ধ্যা থেকে মামা আত্মহত্যার জন্য চেষ্টা করছিলেন। গভীর রাতে একবার ঝুলন্ত রশি বাঁধা দেখে আমার নানি তা খুলে নিজের হেফাজতে রেখে সারারাত তাকে সবাই মিলে পাহারা দেন। কিন্তু ভোরে সবাই ঘুমিয়ে পড়লে মামা ফোনে কার সঙ্গে যেন কথা বলেন এবং পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহতের বাবা নুরুল হক জানান, জাহিদ দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত হয়ে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। তাকে অনেক চেষ্টা করেও এ থেকে নিভৃত করতে পারেননি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

খবরওয়ারা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।