সাকিবকে সতর্ক করেছিলাম, যাই করো আওয়ামী লীগ করো না: মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানকে তিনি আওয়ামী লীগে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সাকিব সেই পরামর্শ না মেনে এখন রাজনৈতিক বিপদে পড়েছেন বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (৩ মে) ঢাকায় বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন মেজর হাফিজ। অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম ইকবালও উপস্থিত ছিলেন। তাকেও রাজনীতিতে জড়িত না হওয়ার বিষয়ে সতর্ক করেন হাফিজ।

মেজর হাফিজ জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সাকিব তাঁর বাসায় গিয়েছিলেন পরামর্শ নিতে। তিনি বলেন, ‘সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন। একজন পরিচিত সামরিক কর্মকর্তা তাকে নিয়ে এসেছিল। আমি তাকে বলেছিলাম—যা করো না করো, আওয়ামী লীগে যেনো না যাও। সে শুনে একটু বিমর্ষ হয়েছিল। মনে হয় তার ধারণা ছিল আওয়ামী লীগে গেলে এমপি-মন্ত্রী হবে।’

তিনি আরও বলেন, ‘সাকিব যদি আমার পরামর্শ মানত, তাহলে আজ রাজপথে সম্মানের সঙ্গে চলাফেরা করতে পারত। এখন তো দেশে ফেরাই কঠিন হয়ে গেছে।’

নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে হাফিজ বলেন, ‘আমি নিজেও একসময় জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ছিলাম। পাকিস্তান জাতীয় দলে একমাত্র বাঙালি হিসেবে খেলতাম। কিন্তু খেলার সময়ে রাজনীতিতে জড়াইনি, কারণ মনে হয়েছিল সময়টা ঠিক নয়।

তিনি জানান, তরুণ খেলোয়াড়রা যেন রাজনীতির জটিলতায় না জড়ান, সে জন্যই তিনি এ পরামর্শ দিচ্ছেন। তামিম ইকবালকে উদ্দেশ করে হাফিজ বলেন, ‘তামিম একজন অসাধারণ ক্রিকেটার। দুঃখজনকভাবে বোর্ড তাকে সঠিকভাবে ‘হ্যান্ডেল’ করতে পারেনি, যার ফলে মানসিক চাপে পড়ে আগেভাগেই অবসর নিয়েছে।’

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আওয়ামী লীগের নেতিবাচক প্রভাব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষায়, ‘আওয়ামী লীগ ক্রীড়াক্ষেত্রের ঐতিহ্য বদলে দিয়েছে। ক্রীড়াবান্ধব মনোভাব তাদের মধ্যে নেই। তারা অনেক ক্রীড়াবিদকে বিপদে ফেলেছে।’

শেষে তিনি বলেন, ‘ক্রীড়াঙ্গন ও রাজনীতির মন-মানসিকতায় বড় পার্থক্য রয়েছে। রাজনীতি থেকে অনেক দূরের এক নিঃস্বার্থ জগৎ হচ্ছে খেলা। আমি নিজেও কখনো ভাবিনি রাজনীতি করব।’

এই বক্তব্যে রাজনৈতিক পরামর্শ ও ক্রীড়াক্ষেত্রের স্বাধীনতা রক্ষার আহ্বান রেখেছেন বিএনপির এই প্রবীণ নেতা।

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।