খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: রবিবার, ৪ মে ২০২৫
নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা শামসুন্নাহার (৭০) খুন হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে জাবের হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।
শনিবার (৩ মে) রাতে উপজেলার বৈলাব গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শামসুন্নাহার (৭০) উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত নুরুল হক মাস্টারের দ্বিতীয় স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, জাবেদ মিয়া একজন মাদকসেবী। মৃত নুরুল হক মাস্টারের দ্বিতীয় স্ত্রীর ছোট ছেলে সে, তার বড় ভাই বিদেশে থাকেন। বাড়িতে মা ছেলে থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই সে মায়ের সঙ্গে খারাপ আচরণ করত। শনিবার রাতের কোনো একসময় জাবেদ মিয়া মাদকের টাকা না দেওয়ায় মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হত্যার পর সারারাত একই রুমে অবস্থান করছিল জাবেদ। মৃত মায়ের একটা হাত ভেঙে ফেলেছে এবং মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে। খবর পেয়ে রবিবার সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, মাদকাসক্ত জাবের হোসেন ঘরের ভেতরে তার নিজের মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খবরওয়ালা/এমইউ