বাউফল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
পটুয়াখালীর বাউফলে শিক্ষক লাঞ্ছিত করার ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে ব্যানার সরিয়ে নেয়া হয়েছে বলে দাবি করেছেন দাশপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. মাসুম বিল্লাহ।
এদিকে শিক্ষার্থীদের দাবি ব্যানার নিয়ে সড়কে দাঁড়াতে গেলে তাদের কাছ থেকে ওই ব্যানার ছিনিয়ে নেয়া হয়েছে।
দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আযম চৌধুরী কর্তৃক শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে শতাধিক শিক্ষার্থী সংক্ষিপ্ত পরিসরে একটি মানববন্ধন কর্মসূচি পালন করে।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে দাশপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ কম থাকলেও পার্শ্ববর্তী কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিএনপির অপর একটি অংশের নেতা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
শিক্ষার্থীরা দাবি করছেন মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে অংশ না নেয় তার জন্য ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে।
শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি চলাকালীন সময়ে ওই মানববন্ধন কর্মসূচির অদূরে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে অবস্থান করতে দেখা যায় দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আযম চৌধুরীকে।
আলী আযম চৌধুরী দাবি করেন, নিষ্পত্তি হয়ে যাওয়া একটি বিষয় নিয়ে অনর্থক অপ-রাজনীতি করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য অন্যান্য বিদ্যালয় থেকে শিক্ষার্থীদেরকে এখানে নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে দাশপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাছুম বিল্লাহ বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করা এবং তাঁর শিক্ষা সনদ জাল এমন মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করেছে। আমরা তাদেরকে মানববন্ধন করতে উৎসাহিত বা নিষেধ করিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে বিদ্যালয়ের পরিবেশ রাজনীতিমুক্ত রাখতে সংক্ষিপ্ত পরিসরে মানববন্ধন হলেও ব্যানার সরিয়ে নেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের ব্যবহৃত সরকারি নাম্বারে একাধিকবার ফোন করলেও ফোন কলটি রিসিভ করেননি, পরে তাঁর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
পরে এ বিষয়ে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এ বিষয়ে আমার জানা নেই।
খবরওয়ালা/এসআর