খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 29শে বৈশাখ ১৪৩২ | ১২ই মে ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ মে) রাত সোয়া ৯টার দিকে নির্বাচন ভবনে এক জরুরি ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ‘আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, তার অঙ্গসংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। এ সিদ্ধান্তের গেজেট নোটিফিকেশন আজই জারি করা হয়েছে, যা বিজি প্রেস থেকে পাওয়া যাবে।’
নিবন্ধন স্থগিতের কারণ জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।’
এর আগে সোমবার বিকেলে সরকারের এক প্রজ্ঞাপনে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
সরকারি এই সিদ্ধান্তের ফলে দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল আওয়ামী লীগ আপাতত নির্বাচন কমিশনের নিবন্ধিত দল হিসেবে আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না এবং নির্বাচনে অংশগ্রহণ করাও সীমিত হয়ে পড়বে।
খবরওয়ালা/আরডি