কুয়েটে ৩৭ শিক্ষার্থীকে শোকজের প্রতিবাদে বিক্ষোভ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীকে কারন দর্শানোর নোটিশের (শোকজ) প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১২ মে) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এর আগে, শিক্ষকদের লাঞ্ছনার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩৭ জন শিক্ষার্থীকে শোকজ নোটিশ পাঠায়। গত ১৯ ফেব্রুয়ারি ঘটে যাওয়া একটি ঘটনার তদন্তে গঠিত সিন্ডিকেট কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবেদন অনুযায়ী, শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষকদের লাঞ্ছিত করাসহ মোট সাতটি অভিযোগ আনা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াছ আখতার জানান, অভিযুক্ত শিক্ষার্থীদের আগামী ১৫ মে বিকেল ৫টার মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে।

অন্যদিকে, প্রায় তিন মাস পেরিয়ে গেলেও কুয়েটের চলমান সংকটের সমাধান হয়নি। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম ৪ মে থেকে পুনরায় চালু হলেও শিক্ষকরা এখনও ক্লাসে ফেরেননি। তারা ১৮ ও ১৯ ফেব্রুয়ারির ঘটনায় জড়িতদের সাত কর্মদিবসের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছেন।

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ সময় ধরে ক্লাস বন্ধ থাকায় তারা মানসিকভাবে বিপর্যস্ত। শোকজের মাধ্যমে আন্দোলনকারীদের দমন করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন অনেক শিক্ষার্থী। বিক্ষোভ চলাকালে তারা শোকজ প্রত্যাহার এবং শিক্ষক-প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।