সমাবর্তনে ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে নোবেল বিজয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি প্রদান করা হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত জমকালো সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে এই ডিগ্রি প্রদান করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা।

সমাবর্তনে ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন অনুষদের ২২ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে ৪২ জন পিএইচডি এবং ৩৩ জন এমফিল ডিগ্রিধারী রয়েছেন। বাকি শিক্ষার্থীদের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়েছে।

সকালে নির্ধারিত বাসে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা। তাদের সঙ্গে ছিল পরিবার-পরিজন, যারা এই বিশেষ দিনটি উদযাপনে অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রায় ২৫ হাজার মানুষের বসার ব্যবস্থা করা হয়, যেখানে শিক্ষক, অতিথি ও শিক্ষার্থীরা একসঙ্গে অংশ নেন। পুরো ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৯৪ সালে প্রথম, ১৯৯৯ সালে দ্বিতীয়, ২০০৮ সালে তৃতীয় এবং সর্বশেষ ২০১৬ সালের ৩১ জানুয়ারি চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়। এবার অনুষ্ঠিত হলো বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।