কারাবন্দি আওয়ামী লীগ নেতার তিন বিঘা জমির পেঁপেগাছ কাটল দুর্বৃত্তরা

রাজশাহীর বাঘা উপজেলায় পাঁচ দিনের মধ্যে আওয়ামী লীগের এক নেতার দুই বিঘা জমির আখ ও তিন বিঘা জমির পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর গ্রামে ঘটেছে এ ঘটনা।

ভুক্তভোগী মো. রাসেল আলী গড়গড়ি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। বর্তমানে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার (১১ মে) রাতে রাসেল আলী দেখতে পান, তাঁর দুই বিঘা জমির আখ কেটে নেওয়া হয়েছে। সোমবার এ নিয়ে সালিস হওয়ার কথা থাকলেও সেদিন বাঘা উপজেলায় ভুট্টা বিক্রির টাকা আনতে গেলে স্থানীয়রা তাঁকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর চার দিন পর বৃহস্পতিবার রাতে তাঁর তিন বিঘা জমির পেঁপে গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।

রাসেল আলীর স্ত্রী মোসা. সুমি খাতুন বলেন, ‘গাছগুলো ছোট থেকে বড় করা হয়েছে অনেক যত্ন করে। এই পেঁপে চাষ করতে এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ৪ লাখ টাকা। আর এক সপ্তাহ পর থেকে পেঁপে পেড়ে বিক্রি করা হতো। এর আগেই সব পেঁপেগাছ কেটে ফেলা হয়েছে।’

পরিবারের অভিযোগ, যাঁরা রাসেল আলীকে আটক করে পুলিশে দিয়েছেন, তাঁরাই গাছ কাটার সঙ্গে জড়িত থাকতে পারেন। তাঁরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ‘পেঁপে গাছ কাটার তথ্য জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাসেল আলীর গ্রেপ্তার বিষয়ে তিনি বলেন, ‘রাসেল আলী আওয়ামী লীগ করেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। একটা মব সৃষ্টি হচ্ছিল, সেখান থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।’

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।