ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় নতুন করে ‘অপারেশন গিদিওনস চ্যারিয়ট’ বা ‘গিদিওনের রথ’ নামের তথাকথিত অভিযানের নামে হত্যাযজ্ঞ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এই অভিযানে গতকাল শুক্রবার (১৬মে)২৪ ঘণ্টায় অন্তত ১১৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।
ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী আজ শনিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা গাজা উপত্যকায় ‘বিস্তৃত হামলা’ চালিয়েছে। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের নতুন অভিযানের ‘প্রাথমিক পর্যায়’ হিসেবে এই হামলা চালানো হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে টেলিগ্রামে আরবিতে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা গাজা উপত্যকায় ‘যুদ্ধের সম্প্রসারণের অংশ।’ এর লক্ষ্য ‘জিম্মিদের মুক্তি ও হামাসকে পরাজিত করাসহ যুদ্ধের সব উদ্দেশ্য অর্জন করা।’
এদিকে, গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ১১৫ জন নিহত হয়েছেন। ‘অপারেশন গিদিওনের রথ’ নামে পরিচিত এই অভিযান এমন সময়ে শুরু করল ইসরায়েল, যখন হামাসের হাতে আটক এক মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চাপের মুখে রয়েছে তেল আবিব।
খবরওয়ালা/এফএস



