খবরওয়ালা স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২১ মে ২০২৫
তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার (২১ মে) সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন সূচি অনুযায়ী ম্যাচগুলো আগামী ২৮ মে, ৩০ মে এবং ১ জুন মাঠে গড়াবে। তিনটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
এর আগে তিন ম্যাচে সিরিজের প্রথম ম্যাচ ২৭ মে শুরু হওয়ার কথা ছিল। ২৯ মে ও ১ জুন হওয়ার কথা ছিল বাকি দুই ম্যাচ।
এফটিপি অনুযায়ী, শুরুতে পাকিস্তান সফরে গিয়ে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল। পরবর্তীতে সেপ্টেম্বরের এশিয়া কাপ ও আগামী বছরের ফেব্রুয়ারির টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই বোর্ড পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলার সিদ্ধান্ত নেয়।
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য সূচিও ঘোষণা করেছিল পিসিবি। সিরিজটি ২৫ মে থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পিএসএল স্থগিত হয়ে যাওয়ায় বাংলাদেশ সিরিজের সূচি পিছিয়ে দেওয়া হয়। ২৭ মে থেকে সিরিজ শুরু ঘোষণা দিয়ে পুনরায় পিসিবি সূচি ঘোষণা করে।
এর মধ্যেই পাকিস্তান সফরের নিরাপত্তার বিষয়টি সামনে আসে। সঙ্গে সিরিজ শুরু করতে দেরি হওয়ায় দুই বোর্ড পাঁচ ম্যাচের সিরিজ ছোট করে তিন ম্যাচে করার বিষয়ে সম্মত হয়। এছাড়া বিসিবির পক্ষ থেকে রাওয়ালপিন্ডি থেকে ম্যাচ সরিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়। পিসিবি ওই শর্তে রাজি হয়।
মঙ্গলবার (২০ মে) পিসিবির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, বাংলাদেশ পাকিস্তান সফর করতে সম্মত হয়েছে। তখনো ২৭ মে থেকে সিরিজ শুরুর কথাই ছিল। তবে আনুষ্ঠানিক সূচি ঘোষণা করা হয়নি। নতুন সূচিতে, সিরিজ ২৮ মে থেকে অর্থাৎ পিএসএল ফাইনালের দুইদিন পরে শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।
খবরওয়ালা/এসআর