শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ছাত্রদলের অবস্থান, যানজটে ভোগান্তি চরমে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। এর ফলে সকাল থেকেই ওইসব এলাকায় যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এরপর বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়েও। সকাল সাড়ে ৯টা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন।

বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা ‘সাম্য হত্যার বিচার চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘নয় মাসে দুই খুন, ভিসি তোমার অনেক গুণ’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ সহ বিভিন্ন স্লোগানে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান।

শাহবাগ মোড়ে অবস্থান নেয়া নেতা-কর্মীদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজ, তেজগাঁও কলেজ, ঢাকা কলেজ ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সদস্যরা। অন্যদিকে, ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন সরকারি বাঙলা কলেজ, তিতুমীর কলেজ ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মীরা।

বিএনপি ও ছাত্রদলের আন্দোলনে গাড়ির দীর্ঘ সারি। ছবি: সংগৃহীত

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে ছাত্রদল আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।” তিনি আরও বলেন, “দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ব্যবস্থা প্রশ্নবিদ্ধ।’

ছাত্রদলের এই অবস্থান কর্মসূচির কারণে সকাল থেকেই শাহবাগ ও এর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

ছাত্রদলের পক্ষ থেকে বুধবার (২১ মে) এক বিবৃতিতে এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় তদন্তে গাফিলতি ও মূল ঘাতকদের গ্রেপ্তারে ব্যর্থতার প্রতিবাদে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।

ছাত্রদল জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।