খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ মে ২০২৫
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বাজারের ভেতরে ঢুকে পড়া একটি ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর এলাকার আঙ্গুর মিয়া (৪৫) এবং একই ইউনিয়নের আকবরনগর গ্রামের মো. হালিম মিয়া (৬০)। তারা বাজারে কেনাকাটা করতে এসেছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কাঠবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আকবরনগর বাজার এলাকায় প্রবেশ করে এবং পথচারীদের ওপর উঠে যায়। এসময় দুটি সিএনজি চালিত অটোরিকশাও ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীসহ আরও ১০ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী শাহ আল মিয়া জানান, ট্রাকটি প্রথমে দুটি সিএনজিকে ধাক্কা দেয় এবং পরে বাজারের ভেতরে ঢুকে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। এসময় বাজারে আসা দুই পথচারী ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হন।
ঘটনার বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুর রহমান জানান, “সকালে ৯৯৯ এ ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। একজন ঘটনাস্থলেই মারা যান, অন্যজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।”
পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে এবং ঘটনার তদন্ত চলছে।
খবরওয়ালা/এমএজেড