১৫ হাজার টাকা ধার চাইলেন ঢাবি উপাচার্য!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের দাপ্তরিক মোবাইল নম্বরটি হ্যাকড হয়েছে। নম্বরের হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন নম্বরে মেসেজ দিয়ে টাকা চাওয়া হচ্ছে। বিষয়টি নজরে আসার পর ডিবির পক্ষ থেকে নম্বরটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।

জানা গেছে, হ্যাক হওয়া উপাচার্যের দাপ্তরিক নম্বরটি প্রাক্তন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সময়ে নেওয়া হয়েছিল। অধ্যাপক আখতারুজ্জামানের পরে প্রাক্তন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল এটি ব্যবহার করেন। পরবর্তী সময়ে উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিয়াজ আহমেদ এটি ব্যবহার করছিলেন। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাপ্তরিক মোবাইল নম্বর।  

ওই নম্বর থেকে যেসব নম্বরে চ্যাট করা হয়েছে, সেসব নম্বরে শনিবার দুপুরে হ্যাকার ১৫ হাজার টাকা বিকাশ করার জন্য মেসেজ পাঠান। এই মেসেজ পেয়ে অনেকে বিস্মিত হন। পরে জানা যায়, হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাকিংয়ের শিকার।

অনলাইন একটি নিউজ পোর্টালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে উপাচার্যের নম্বর থেকে ১৫ হাজার টাকা চেয়ে মেসেজ পাঠানো হয়। মেসেজে বলা হয়, ‘বিকাশে ১৫ হাজার টাকা হবে? আমার আর্জেন্ট লাগবে। এখন পাঠিয়ে দেওয়া যাবে?’

আরেকটি মেসেজে বলা হয়, ‘আমি কালকে ব্যাংক থেকে তুলে দিয়ে দিব সমস্যা নেই।’ এভাবে আরও কয়েকজনকে একই মেসেজ দেওয়া হয়।

এ বিষয়ে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘উপাচার্য স্যারের দাপ্তরিক ফোন নম্বর হ্যাকড হয়েছে। সেখান থেকে অনেকের কাছে টাকা চেয়ে মেসেজ দেওয়া হয়েছিল। বর্তমানে আমরা ডিবিতে জানিয়ে নম্বরটি বন্ধ রেখেছি। তবে উপাচার্যের ব্যক্তিগত নম্বর নিরাপদ আছে।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।