আজ বিকেলের বোর্ড সভাতেই বিসিবি সভাপতি হচ্ছেন বুলবুল!

সবকিছু ঠিক থাকলে আজ বোর্ড সভাতেই আগামী চার মাসের জন্য বিসিবির নতুন সভাপতি হতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।

শুক্রবার (৩০ মে) বিকাল ৪টায় বোর্ড পরিচালনা পর্ষদের সভা ডাকা হয়েছে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বৃহষ্পতিবার (২৯ মে) বিকেলে বিসিবির আট পরিচালক ফারুক আহমেদের প্রতি অনাস্থা জ্ঞাপন করার ঘণ্টা কয়েকের মধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে বিসিবিতে ফারুক আহমেদের মনোনয়ন বাতিলের চিঠি পাঠানো হয়।

সেই চিঠি পাঠানোর পর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বিসিবিতে আরও একটি চিঠি প্রেরণ করা হয়। তাতে এনএসসির নির্ধারিত ৫ মনোনীত কাউন্সিলরের মধ্যে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দেয়ার কথা জানানো হয়েছে।

সূত্র আরও জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ফারুককে ছাড়াই নতুন পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত হবে এবং সে সভায় সভাপতিত্ব করবেন বিসিবির অন্যতম পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

সেই সভাতেই বুলবুলকে নতুন বোর্ড পরিচালক হিসেবে গ্রহণ করা হবে। বুলবুল পরিচালক হওয়ার পর নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্রের দাবি, বুলবুল সভাপতি পদে নির্বাচন করবেন এবং আশা করা যায়, বুলবুলকেই সর্বসম্মতিক্রমে নতুন বিসিবি সভাপতি হিসেবে নির্বাচিতও হয়ে যাবেন।

বোর্ডের উচ্চ পর্যায়ের ওই দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, যে সভায় আমিনুল ইসলাম বুলবুলের পরিচালক পদ অনুমোদিত ও গ্রহণ করা হবে, সে সভায় আকরাম খানও উপস্থিত থাকবেন। বলে রাখা ভাল, যদিও আকরাম আজ তার আপন ছোট ভায়রা ভাই ফারুকের বিপক্ষে অনাস্থা জ্ঞাপন করা চিঠিতে স্বাক্ষর করেননি, তারপরও তিনি শুক্রবার যে সভায় ফারুকের বদলে বুলবুল নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হবেন, তাতে উপস্থিত থাকবেন।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।