খবরওয়ালা স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ মে ২০২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ হারিয়েছেন ফারুক আহমেদ। গতকাল বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় পরিচালক পদ থেকে তার মনোনয়ন বাতিল করে সরকার। এর ফলেই গঠনতন্ত্র অনুযায়ী বিসিবি সভাপতির পদটিও হারান তিনি। তার স্থানে নতুন সভাপতি হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
এ ঘটনার পরদিনই শুক্রবার সকালে ফারুক আহমেদকে ঘিরে অনলাইনে ছড়িয়ে পড়ে একটি তথ্য, যেখানে দাবি করা হয়—তিনি ভোরেই দেশত্যাগ করেছেন। তবে বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন ফারুক।
দুপুরে এক গণমাধ্যমের প্রতিবেদকের সঙ্গে মুঠোফোনে কথা বলেন ফারুক। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘আমার দেশত্যাগের তথ্যটি সম্পূর্ণ গুজব। একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
ফারুক আরও বলেন, ‘আমি কোনো চোর না, বদমায়েশও না। কোনো অন্যায় করিনি। আমি কেন দেশ ত্যাগ করবো? আমি সসম্মানে দেশেই অবস্থান করছি।’
পদচ্যুতির বিষয়ে তিনি বলেন, ‘সরকার আমাকে নিয়োগ করেছে, আবার সরকারই সরিয়ে দিয়েছে। কোনটা ঠিক আর কোনটা ভুল, সেটা সরকারই ভালো বলতে পারবে।’
দেশত্যাগের গুজনের পর ফারুকের কাছে একের পর এক ফোন আসতে থাকে। এতে তিনি বিরক্ত হয়ে বলেন, ‘আমার জীবনটা জাহান্নাম করে দিচ্ছে।’
উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, এনএসসি কোটায় বিসিবি পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে। যার ফলে বিসিবি সভাপতির দায়িত্ব থেকেও তিনি স্বয়ংক্রিয়ভাবে অব্যাহতি পান।
খবরওয়ালা/এমইউ