খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন ২০২৫
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিনসহ ছয়জনকে রাজধানী থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (২ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তার হয়েছেন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান ওয়ানা মারজিয়া নিতু (৪৬), স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সহ-সভাপতি মো. আব্দুস সালাম (৫৭), দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. নাসির আহমেদ (৬০), ঢাকা দক্ষিণ ২৪নং ওয়ার্ড লালবাগ থানা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো. নুরুল হক (৬২), মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প বাজার ইউনিট আওয়ামী লীগের সেক্রেটারি মো. সাঈদ ওরফে মাছুয়া সাঈদ (৫৪)।
ডিবির বরাতে তালেবুর রহমান জানান,রবিবার (১ জুন) ও সোমবার (২জুন) অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের।
তিনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
খবরওয়ালা/এফএস