ইরানে ইসরায়েলের বিমান হামলা: এবার ‘আরও নির্মম হামলা’র হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, পারমাণবিক চুক্তিতে না এলে মধ্যপ্রাচ্যে ‘আরও ভয়ঙ্কর ও নির্মম হামলা’ আসন্ন। তিনি তেহরানকে আহ্বান জানিয়েছেন, ‘এখনই চুক্তি করুন, ‘সবকিছু ধ্বংস হওয়ার আগেই’।’

শুক্রবার (১৩ জুন) ভোরে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশাল-এ এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইতোমধ্যে অনেক প্রাণহানি ও ধ্বংস সাধিত হয়েছে। কিন্তু এই রক্তপাত বন্ধ করার এখনও সময় আছে। কারণ এর পরের হামলাগুলো আরও ভয়াবহ হতে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ইরানকে এখনই চুক্তি করতে হবে, না হলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। ইরান এক সময় যে সাম্রাজ্যের নামে পরিচিত ছিল, সেটাকেই এখন বাঁচাতে হবে। আর প্রাণহানি নয়, আর ধ্বংস নয়—এখনই কাজ শুরু করুন, দেরি হওয়ার আগেই।’

তিনি উল্লেখ করেন, ইরানে ইসরায়েল যে হামলা চালিয়েছে, এই হামলার পরিকল্পনার কথা তিনি আগে থেকেই জানতেন। তবে তিনি এটি স্পষ্ট করেছেন যে এই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কোনোভাবেই অংশ নেয়নি।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলার প্রেক্ষিতে ট্রাম্পের এমন হুঁশিয়ারি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে।

উল্লেখ্য, ইরানের রাজধানী তেহরানে আকাশপথে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় ভোররাত চারটার পর এ হামলা চালানো হয়। এতে নিহত হয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি, আরও এক শীর্ষ সামরিক কর্মকর্তা এবং দুজন পরমাণু বিজ্ঞানী।

একইসঙ্গে ইরানের শীর্ষ সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি কর্তৃপক্ষ। এই হামলার পর দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বেড়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মহল।

সূত্র: ফিনান্সিয়াল এক্সপ্রেস।
খবরওয়ালা/এসআর

 

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।