খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ জুন ২০২৫
চট্টগ্রামে একদিনে নতুন করে ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার (১৫ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর ফলে গত ৯ দিনে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৮ জনে।
সিভিল সার্জন কার্যালয় জানায়, চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্রে ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে এপিক হেলথকেয়ারে ৪ জন, পার্কভিউ হাসপাতালে ২ জন, এভারকেয়ার হাসপাতালে ২ জন এবং মা ও শিশু জেনারেল হাসপাতালে ১ জনের করোনা শনাক্ত হয়।
সরকারি পর্যায়ে এখনো আরটিপিসিআর পরীক্ষার কাজ শুরু হয়নি বলে জানা গেছে। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শিগগিরই পরীক্ষা কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।
এদিকে, করোনা বিশেষায়িত চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. হামিদুল্লাহ মেহেদী জানান, বর্তমানে ৩ জন রোগী ভর্তি রয়েছেন। তাঁদের অবস্থা স্থিতিশীল।
খবরওয়ালা/আরডি