খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
সাভারে যৌথবাহিনীর অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের প্রধানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, সুইস গিয়ার চাকু এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ জুন) রাত ৯টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ক্যাম্প থেকে তাদের সাভার মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে টানা ২৪ ঘণ্টার অভিযান চালায় নবম পদাতিক ডিভিশনের যৌথবাহিনী।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: সোহেল (৩৪), সম্রাট (২৮), সুমন (২৬), দুর্জয় (২৪) ও সমর (২৫)।
তদন্তসূত্রে জানা গেছে, ছিনতাইকারী চক্রটি তিন ভাগে বিভক্ত হয়ে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট —বিশমাইল, ডেইরি গেট, সিঅ্যান্ডবি ও রোডিও কলোনী এলাকায় ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। চক্রের প্রধান সোহেল মূলত বিশমাইল এলাকায় সক্রিয় ছিল বলে জানা গেছে।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, চক্রটি পথচারীদের দেশীয় অস্ত্র দেখিয়ে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন এবং মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত। গতকাল রোববার রাত থেকে সোমবার রাত পর্যন্ত বিশেষ অভিযানে চক্রটির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। চক্রের প্রধান সোহেল একটি হত্যা মামলার আসামিও বলে নিশ্চিত করেছে যৌথবাহিনী।
অভিযানে নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক বিগ্রেডের অধীন ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান, মেজর মোহাম্মদ সালাউদ্দিন, ক্যাপ্টেন শামীমসহ সাভার মডেল থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।