ঢাকায় গত রবিবার রাতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি পৃথক ঘটনায় তিন যুবক খুন হয়েছেন, যাদের মধ্যে একজন সদ্য এসএসসি পরীক্ষার্থীও ছিলেন। হত্যাকাণ্ডগুলো ঘটেছে রাজধানীর মিরপুর, খিলগাঁও ও কামরাঙ্গীরচর এলাকায়। ঘটনার পেছনে রয়েছে নারীঘটিত দ্বন্দ্ব, জমিসংক্রান্ত বিরোধ ও অপরাধমূলক কর্মকাণ্ডের পুরোনো রেষারেষি।
পল্লবীর ১১ নম্বর সেকশন এলাকায় বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরির সময় মো. রিফাত (২২) নামে এক তরুণ ছুরিকাঘাতে নিহত হন। তিনি জান্নাত একাডেমি থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। পরিবারের দাবি, নারীঘটিত ঘটনাকে কেন্দ্র করে এক বন্ধুই তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।
খিলগাঁও এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে রাত ২টা থেকে ৩টার মধ্যে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে মো. সাগর (২২) নিহত হন। আলিম উদ্দিন নামে এক ব্যক্তি নিজের জমিতে দেয়াল তোলার সময় প্রতিবেশীদের সঙ্গে বিরোধ হয়। সেই বিরোধে মারামারির সময় সাগর মারাত্মকভাবে আহত হন এবং হাসপাতালে মারা যান। ওসি দাউদ হোসেন বলেন, “সাগরের মৃত্যু দুর্ঘটনা কি না, তদন্ত করে দেখা হচ্ছে।” ঢামেক ফাঁড়ির পরিদর্শক ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
মো. রকি (৩১) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তিনি এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন এবং তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। তিনি মাত্র দুই মাস আগে জামিনে বের হন।
কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, “রকির বিরুদ্ধে পূর্বশত্রুতা থেকেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন।”
খবরওয়ালা/এমএজেড



