খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন ২০২৫
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ট্রাকের ধাক্কায় মো. লাল চাঁন (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) রাত পৌনে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত লাল চাঁন কেরানীগঞ্জের পিল বাগুই এলাকার বাসিন্দা এবং রহমত আলীর ছেলে।
নিহতের নাতি শাকিল জানান, রাতে আমার নানা মো. লাল চাঁন একটি ব্যক্তিগত কাজে মোটরসাইকেল চালিয়ে হাসনাবাদ গিয়েছিলেন। কাজ শেষে বাসায় ফেরার পথে হাসনাবাদ রিভার ভিউ হাসপাতালের সামনে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন। খবর পেয়ে আমরা দ্রুত তাকে ঢামেকে নিয়ে আসি, কিন্তু চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাতের দিকে কেরানীগঞ্জ থেকে আহত অবস্থায় এক ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে এবং আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।
খবরওয়ালা/এমইউ