কমপ্লিট শাটডাউন ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে অচল রাজস্ব দপ্তর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যানের অপসারণসহ একাধিক দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ডাকে এই কর্মসূচির ফলে সারাদেশে কর, কাস্টমস ও ভ্যাট দপ্তর কার্যত অচল হয়ে পড়েছে।

শনিবার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে জড়ো হন আন্দোলনকারীরা। সকাল সাড়ে ১০টার দিকে ভবনটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাব, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার বিপুল সদস্য মোতায়েন করা হয় ভবনের ভেতর ও বাইরের অংশে।

দেশের বিভিন্ন জেলা থেকেও এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশ নিতে দলে দলে ঢাকায় আসছেন। এনবিআর ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন ও স্লোগানে কর্মসূচিকে প্রানবন্ত রাখেন।

আন্দোলন চলাকালীন এনবিআর থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এসেছে। কিন্তু আন্দোলনকারীরা বলছেন—”চাপ দিয়ে নয়, আলোচনার মাধ্যমে সমাধান চাই”।

তারা অভিযোগ করছেন, বর্তমান চেয়ারম্যানের কর্তৃত্ববাদী ও স্বেচ্ছাচারী আচরণে এনবিআরের পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের প্রতি অসম আচরণ, বদলি, হুমকি, এবং প্রশাসনিক কাজকর্মে হস্তক্ষেপ অভিযোগের কেন্দ্রে রয়েছে।

প্রধান অর্থনৈতিক উপদেষ্টা আগামী মঙ্গলবার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, “শুধু আশ্বাস নয়, বাস্তব পদক্ষেপই চাই”।

তারা বলছেন, দীর্ঘদিন ধরে এনবিআর প্রশাসনে অব্যবস্থাপনার বিরুদ্ধে সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব দেওয়া হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

শাটডাউন কর্মসূচির ফলে রাজস্ব আদায় কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। রপ্তানি-আমদানি কার্যক্রমে বাধা, কাস্টমস ক্লিয়ারেন্সে দেরি এবং ভ্যাট অফিসে সেবা বন্ধ থাকায় সাধারণ করদাতারাও ভোগান্তিতে পড়ছেন।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।