প্রেমিকার বিয়ের খবরে কিশোরের আত্মহত্যা

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়া গ্রামে প্রেমিকার বিয়ের খবরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গোলাম রাব্বি (১৫) নামে এক কিশোর। সোমবার (৩০ জুন) দুপুরে নিজ ঘরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রাব্বি ওই গ্রামের দিনমজুর রবিউল শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, পাশের গ্রামের এক কিশোরীর সঙ্গে দীর্ঘদিন ধরে রাব্বির প্রেমের সম্পর্ক চলছিল। ছেলেটির পরিবার সম্পর্কটি মেনে নিলেও, মেয়েটির পরিবার শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল। কিছুদিন আগে রাব্বি ও মেয়েটি একসঙ্গে নিখোঁজ হয়। পরে দুই পরিবার তাদের খুঁজে বের করে বাড়ি ফিরিয়ে আনে এবং বিয়ের আশ্বাস দেয়।

তবে কৌশলে মেয়েটিকে ঢাকায় পাঠিয়ে দেয় তার পরিবার এবং রাব্বির সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয়। সোমবার সকালে মেয়েটির এক আত্মীয় রাব্বিকে জানায়, মেয়েটির বিয়ে হয়ে গেছে। এই খবরে মানসিকভাবে ভেঙে পড়ে রাব্বি। দুপুরে বাড়ির সবাই বাইরে থাকার সময় নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় সে।

রাব্বির বড় ভাই রিয়াজ শেখ বলেন, “আমার ভাইকে মানসিকভাবে ভেঙে ফেলে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে। আমরা সংশ্লিষ্ট পরিবারের বিচার দাবি করছি।”

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার দাস জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।”

স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে কুবিরদিয়া গ্রামে। তরুণদের মানসিক স্বাস্থ্য ও সম্পর্কজনিত সংকট মোকাবিলায় সচেতনতা ও সহানুভূতির গুরুত্ব নিয়েও আলোচনা শুরু হয়েছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।