ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর দেওয়া অভিযোগে মো. এরশাদ (৩৫) নামের মাদকাসক্ত ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার মসজিদপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযুক্ত এরশাদ মসজিদপাড়ার ইলিয়াস মিয়ার ছেলে। তিনি মাদক সেবন করে স্ত্রীকে অত্যাচারের পাশাপাশি এলাকার শান্তি বিনষ্ট করতেন বলে অভিযোগ তার স্ত্রীর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন জানান, এরশাদ মাদকাসক্ত। এ বিষয়ে তার স্ত্রীর কাছ থেকে অভিযোগ পাওয়া যায়। এলাকায় গিয়ে জানা যায়, তিনি মাদক সেবন করে এলাকার শান্তি বিনষ্ট করছিলেন। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
খবরওয়ালা/এফএস



