এনবিআরের ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিনজন সদস্য এবং একজন কর কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার (২ জুলাই) বিকেলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ সংক্রান্ত চারটি পৃথক আদেশ জারি করা হয়।

সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ ধারা অনুযায়ী এই চার কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, তাঁদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে এবং ‘জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি হতে অবসর প্রদান প্রয়োজন’ — এই বিবেচনায় তাঁদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তবে তাঁরা বিধি অনুসারে সব অবসর-সংক্রান্ত সুবিধা পাবেন।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন —এনবিআর সদস্য আলমগীর হোসেন, হোসেন আহমদ ও আবদুর রউফ এবং বরিশাল কর অঞ্চলের কমিশনার মো. শব্বির আহমেদ।

এনবিআরের একাধিক সূত্র জানিয়েছে, কয়েক দিন আগে এনবিআরে যে ‘সংগঠিত আন্দোলন’ হয়েছে, এটি তারই প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার শৃঙ্খলাভঙ্গ ও প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় এসব সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার (১ জুলাই) মধ্যরাতে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ২৮ ও ২৯ জুন চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রেখে আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটানোর অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এই বরখাস্ত আদেশে বলা হয়, সরকারের নির্দেশনা উপেক্ষা করে জাকির হোসেন দপ্তর খোলা রাখেননি এবং চট্টগ্রাম কাস্টম হাউস বন্ধ থাকার ফলে রাষ্ট্রীয় রাজস্ব আদায়ে বড় ধরনের ক্ষতি হয়েছে। ফলে তাঁকে সাময়িক বরখাস্ত করে এনবিআরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সংযুক্ত করা হয়। বরখাস্তকালীন তিনি নিয়ম অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

আজ সকালে চট্টগ্রাম কাস্টমস হাউসে নতুন কমিশনার হিসেবে মোহাম্মদ শফি উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ২৮ ও ২৯ জুন দেশের বিভিন্ন শুল্ক ও কর অফিসে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে চট্টগ্রাম কাস্টম হাউসসহ সারা দেশে দাপ্তরিক কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল।

এদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) এনবিআরের ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছে, যাঁদের মধ্যে দুইজন এনবিআর সদস্য রয়েছেন। তদন্তাধীন ব্যক্তিদের তালিকায় রয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার-ও।

চট্টগ্রাম কাস্টম হাউস এনবিআরের সবচেয়ে বড় রাজস্ব আদায়কারী দপ্তর। বিদায়ী অর্থবছরে (২০২৪-২৫) এখান থেকে প্রায় ৭৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।