খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ৩৩ বিঘা জমি, টিনের ঘর, একটি রাজউক ফ্ল্যাট এবং ১৬টি ব্যাংক হিসাবে থাকা ৫ কোটি ৩৪ লাখ টাকারও বেশি অর্থ জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
আদালতে দুদকের উপ-সহকারী পরিচালক খাইরুল হাসান দাখিল করা আবেদনে উল্লেখ করেন, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে প্রায় ৫ কোটি ৪২ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন।
আবেদনে আরও বলা হয়, এসব সম্পদের ঘোষিত মূল্য ৯৩ লাখ ৮৩ হাজার টাকা হলেও প্রকৃত মূল্য ২ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তি তাঁর ১৬টি ব্যাংক হিসাবে ৪১ কোটি ৯৩ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন।
দুদক জানায়, শম্ভু তার এসব সম্পদ অন্যত্র হস্তান্তর কিংবা বেহাত করার চেষ্টা করছেন। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অবিলম্বে এসব সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি ছিল। আদালতের আদেশে তার একটি সঞ্চয়পত্র, দুটি এফডিআর ও দুটি গাড়িও অবরুদ্ধ করা হয়েছে।
এর আগে গত ৬ মে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের গুলশান ও বাড্ডার দুটি ফ্ল্যাট এবং সাতটি ব্যাংক হিসাবে থাকা ৫১ লাখ ৭০ হাজার টাকা জব্দ করা হয়। পরে ২১ মে আরও একটি আবেদনের ভিত্তিতে তাঁর পাঁচটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়, যাতে মোট ৭১ লাখ ৩৯ হাজার ৯৩৩ টাকা জমা ছিল।
দুদক বলছে, তদন্ত চলমান রয়েছে এবং এ বিষয়ে আরও পদক্ষেপ নেওয়া হবে।
খবরওয়ালা/আরডি